খাবারের হটপটে মূত্রত্যাগ, ৪ হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেবে রেস্টুরেন্ট  

চীনের জনপ্রিয় হটপট চেইন হাইডিলাও তাদের শাংহাইয়ের একটি শাখায় খাবারে মূত্রত্যাগের ঘটনায় চার হাজারের বেশি গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর সিএনএনের। 

গত মাসের শেষ দিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর একটি ব্যক্তিগত কক্ষে বসা দুই ব্যক্তি হটপটের ঝোলের (ব্রথ) মধ্যে মূত্রত্যাগ করছেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে হাইডিলাও আনুষ্ঠানিক বিবৃতি দেয়।   

বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে হাইডিলাও কর্তৃপক্ষ জানায়, ঘটনার তারিখ ছিল ২৪ ফেব্রুয়ারি, তবে তারা বিষয়টি জানতে পারে চার দিন পর। প্রথমে স্থান ও সময় চিহ্নিত করা সম্ভব না হলেও তদন্তের পর ৬ মার্চ নিশ্চিত হওয়া যায়, ঘটনাটি শাংহাইয়ের কেন্দ্রস্থলের একটি শাখায় ঘটেছে।  

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, কর্মীদের যথাযথ প্রশিক্ষণের অভাবের কারণে ঘটনাটি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়নি।  

হাইডিলাও বিবৃতিতে আরও জানিয়েছে, 'এই ঘটনায় গ্রাহকদের যে মানসিক ক্ষতি হয়েছে, তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে আমরা আমাদের সর্বোচ্চ দায়িত্ব পালনের চেষ্টা করব।'  

তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।  

হটপটে মূত্রত্যাগের ঘটনায় হাইডিলাও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। চীনের সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।  

শাংহাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তি ১৭ বছর বয়সী এবং তাদের আটক করা হয়েছে। ইতোমধ্যে হাইডিলাও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।