কুষ্টিয়ায় মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে সোহান হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কুচিয়ামোড়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোহান হোসেন কুচিয়ামোড়া এলাকার শিপন আলীর ছেলে এবং শিশু নিকেতনের প্রথম শ্রেণির ছাত্র।

নিহত শিশু সোহানের দাদা নবাব আলী জানান, সোহান তিন দিন ধরে রোজা করছিল। আমার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। ফেরার পথে কুচিয়ামোড়া বাজারে এসে ভ্যান থেকে নেমে ভাড়া দেওয়ার সময় শিশুটি দৌড়ে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি  মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে যায় এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শনিবার রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি জানান, শনিবার বিকেলে কুচিয়ামোড়া বাজারে দুর্ঘটনাটি ঘটে। এতে মারাত্মক আহত স্কুল ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। 

নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।