টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ৩ রাউন্ড তাজা গুলিসহ জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মাদক কারবারি আটক হয়েছেন।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক জাহাঙ্গীর আলম টেকনাফের হ্নীলা ৮ নম্বর ওয়ার্ডের লেদা এলাকার মির কাসেমের ছেলে।

নৌবাহিনীর সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটকের পর তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ১টি  ওয়ান শুটার, ৩ রাউন্ড  তাজা গোলা, দেশীয় ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল উদ্ধার করা হয়।

আরও জানা যায়, আটক জাহাঙ্গীর আলম রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এই ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। পরবর্তীতে উদ্ধার অস্ত্রসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নৌবাহিনী ও পুলিশের যৌথ একটি অভিযানে লেদা থেকে জাহাঙ্গীর আলম নামে একজনকে অস্ত্র ও গুলি সহ আটক করে থানায় হস্তান্তর করছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।