জি-সেভেনের আহ্বানের পর পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার

বাইরের বিশ্বের কথা-বার্তায় কান না দিয়ে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে 'মান ও পরিমাণ' উভয় দিক থেকেই শক্তিশালী করবে বলে জানিয়েছে পিয়ংইয়ং।

গ্রুপ অব সেভেন (জি-৭) দেশগুলো নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের যৌথ আহ্বান জানানোর পর সোমবার (১৭ মার্চ) এমন ঘোষণা দিল দেশটি।

রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাইরের বিশ্ব স্বীকৃতি দিক বা না দিক, উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থানের কোনো পরিবর্তন হবে না। মান এবং পরিমাণ উভয় দিক থেকেই পারমাণবিক শক্তিকে শক্তিশালী করা হবে।

কানাডায় এক বৈঠকের পর জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি জারি করে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনে সামরিক সহায়তারও নিন্দা জানানো হয়।

এরপর এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পিয়ংইয়ংয়ের সার্বভৌম অধিকারের 'ন্যায়সঙ্গত' প্রয়োগের সঙ্গে আপত্তি তোলার জন্য জি-৭ এর পাল্টা নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, জি-৭ পারমাণবিক ভাগাভাগি বা বর্ধিত প্রতিরোধ ব্যবস্থা প্রদানের অজুহাতে অবৈধ এবং দূষিত পারমাণবিক বিস্তার-এর উপর মনোযোগ দেয়।

উত্তর কোরিয়া আরও বলেছে, জি-৭ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ একটি পারমাণবিক অপরাধী গোষ্ঠীতে পরিণত হয়েছে। অন্য কারও পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্র ধ্বংস সম্পর্কে কথা বলার আগে পারমাণবিক আধিপত্যের জন্য তাদের নিজেদের উচ্চাকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে ত্যাগ করা উচিত।