যোগাযোগের অন্যতম সাশ্রয়ী, সহজ, নিরাপদ ও পরিবেশবান্ধব মাধ্যম হচ্ছে রেল। বৃহত্তর জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের উন্নয়ন, কর্মসংস্থান ও আয়বৈষম্য নিরসনে ভারসাম্যমূলক সমৃদ্ধির মূলে রয়েছে যোগাযোগব্যবস্থার ভূমিকা। আর যোগাযোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেল। পদ্মা সেতুতে রেল সংযোগের ফলে বদলে গেছে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতুর পর এবার যমুনায় রেলসেতু নির্মাণে বদলে যাবে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থা। ঢাকা-রাজশাহী রুটে বাড়বে ট্রেন ও যাত্রীর সংখ্যা।
রাজধানী ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে যমুনা নদীর ওপর দেশের দ্বিতীয় বৃহত্তম রেলসেতু। এ রেলসেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হলো। রেলওয়ে সেতু চালু হওয়ায় অপর প্রান্তের ট্রেনকে পারাপারের জন্য রেল থামিয়ে বসে থাকতে হবে না। এখন থেকে যাত্রী ও মালবাহী ট্রেন রাজধানী থেকে সরাসরি চলে যাবে উত্তরবঙ্গে।
যমুনা ইকো পার্কের পাশ দিয়ে এটা বিদ্যমান যমুনা সেতুর পশ্চিম অংশের রেলপথের সঙ্গে সংযুক্ত। এ সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ এবং পশ্চিম পাশে সায়দাবাদ স্টেশন আধুনিকীকরণসহ ইয়ার্ড রিমডেলিং ও টেলিকমিউনিকেশন ব্যবস্থার মডিফিকেশন, রেলওয়ে ব্রিজ মিউজিয়াম, সেতু রক্ষণাবেক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
রেল সেতুটি খুলে দেওয়ায় আমদানি-রপ্তানি খরচ কমে যাওয়াসহ যমুনা সেতু ও মহাসড়কের ওপর চাপ কমবে। এর ফলে যমুনা সেতুর ঝুঁকিও হ্রাস পেয়েছে। মানুষের সহজ যাতায়াত যেমন নিশ্চিত হয়েছে, তেমনি উত্তর জনপদের ব্যবসা-বাণিজ্যসহ সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহনব্যবস্থা সহজ হবে, কমবে পণ্য পরিবহন খরচ, যা এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। এটা দেশের সামগ্রিক অর্থনীতিতেও অবদান রাখবে।
সময় কমেছে, বেড়েছে ভাড়া: যমুনা রেলসেতুর ওপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের যাত্রার সময় কমেছে। আগের সড়কসেতু দিয়ে আর রেল চলছে না। ফলে ট্রেনে যমুনা নদী পাড়ি দিতে সময় লাগছে তিন থেকে পাঁচ মিনিট। আগে সময় লাগত ২০ থেকে ২৫ মিনিট। তবে দ্রুত নদী পাড়ি দিতে উত্তরের রেলযাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে। নতুন সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসনভেদে ভাড়া বাড়ছে ৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত। ১৯ মার্চ থেকে এ বাড়তি ভাড়া কার্যকর হবে।
ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে রেল সূত্র জানায়, যমুনা রেলসেতুটির দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। কিন্তু সেতুটিকে ১২০ কিলোমিটার দৈর্ঘ্য ধরা হয়েছে। অর্থাৎ সেতুটির প্রতি কিলোমিটার দূরত্বকে ২৫ কিলোমিটারে বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। অবশ্য যমুনা সড়কসেতু দিয়ে ট্রেন চলার সময়ও প্রতি কিলোমিটারকে ১৭ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। নতুন সেতুতে প্রতি কিলোমিটারে আট কিলোমিটার বেড়েছে।
নতুন সেতুর রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে বাড়তি ভাড়া আদায়ের রেওয়াজ ব্রিটিশ আমল থেকে চালু আছে। এতদিন কত বাড়তি আদায় হবে, এর সুনির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। পদ্মা সেতু দিয়ে রেল চালুর সময় সেতুর বাড়তি ভাড়া হিসাবের ক্ষেত্রে নতুন করে চালু বড় সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণের নিয়ম চালু হয়েছে।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে রেলে কিলোমিটার প্রতি এসি শ্রেণির ভিত্তি ভাড়া ১ টাকা ৯৫ পয়সা। নন-এসি শ্রেণির ভিত্তি ভাড়া ১ টাকা ১৭ পয়সা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এছাড়া আন্তঃনগর ট্রেনে বিরতিহীন চার্জ যুক্ত হয় আরো ১০ শতাংশ। দেশে লোকাল, মেইল, কমিউটার ও আন্তঃনগর এই চার ধরনের ট্রেন চলাচল করে। এর মধ্যে ভাড়ার হার কিছুটা কমবেশি আছে। আন্তঃনগর ট্রেনেও বিভিন্ন শোভন চেয়ার, এসি চেয়ার, এসি সিট ও এসি বার্থ (শুয়ে যাওয়ার আসন) শ্রেণি রয়েছে। প্রতিটি আসনের ভাড়া নির্ধারণে এসব হিসাব আমলে নেওয়া হয়।
ট্রেনযাত্রায় সবচেয়ে সময় কমেছে একতা এক্সপ্রেস (৭০৬ ডাউন) ট্রেনের। এ ট্রেন পঞ্চগড় স্টেশন থেকে রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে। এ ট্রেন আগে ৭টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছাত। নতুন সময়সূচি অনুযায়ী এ ট্রেন ৩০ মিনিট কম সময়ে গন্তব্য পৌঁছাবে।
যেসব ট্রেন চলাচল করছে পশ্চিমাঞ্চল রেলওয়ের একতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী থেকে ঢাকাগামী ঢাকা কমিউটার, সিল্কসিটি এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস আপ ও ডাউন ট্রেন নতুন ব্রিজ ব্যবহার করে চলাচল করছে।