এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক

দুর্নীতি ও সন্ত্রাসবাদ তদন্তের অংশ হিসেবে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আটক করেছে তুরস্কের কর্তৃপক্ষ। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী।

ইস্তাম্বুলের মেয়রের একজন প্রেস সহকারী এএফপিকে জানিয়েছেন, বুধবার (১৯ মার্চ) মেয়র একরেম ইমামোগলুকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি অনুসারে, মেয়রের প্রেস উপদেষ্টা মুরাত ওঙ্গুনসহ তার সঙ্গে যুক্ত প্রায় ১০০ জনের বিরুদ্ধে আটকের আদেশ জারি করা হয়েছে।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। ছবি: সংগৃহীত

আটকের আগে মেয়র তার এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিওতে পোস্ট করেছেন। সেখান তিনি বলেন, 'শত শত পুলিশ আমার বাড়িতে অভিযান চালাচ্ছে, আমার দরজায় কড়া নাড়ছে। আমি নিজেকে জনগণের কাছে সঁপে দিচ্ছি। আমি আমার জাতির ওপর আস্থা রাখি।'

সমালোচকরা এই আটককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং গত বছর স্থানীয় ও মেয়র নির্বাচনে এরদোয়ানের বড় পরাজয়ের পর বিরোধীদের ওপর চলমান দমন-পীড়নের অংশ বলে নিন্দা করেছেন।

মেয়রকে আটকের পর 'জনশৃঙ্খলা বজায় রাখার জন্য' ২৩ মার্চ পর্যন্ত ইস্তাম্বুল শহরে বিক্ষোভের অধিকার স্থগিত করেছে সরকার। ইস্তাম্বুল শহরের কিছু মেট্রো স্টেশন এবং রাস্তা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে।

ইন্টারনেট ওয়াচডগ নেটব্লকসের মতে, তুরস্কে ইতোমধ্যে এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের অ্যাক্সেস সীমিত করা হয়েছে।

ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতি অনুসারে, মেয়র ইমামোগলু এবং তার সাথে যুক্ত প্রায় ১০০ জনের বিরুদ্ধে একটি অপরাধমূলক সংগঠনের সদস্য, চাঁদাবাজি, ঘুষ এবং তীব্র জালিয়াতির অভিযোগ রয়েছে।

প্রসিকিউটরের অফিসের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং কুর্দিস্তান কমিউনিটিজ ইউনিয়নকে (কেসিকে) তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। এদের সহায়তা করার অভিযোগে মেয়েররের বিরুদ্ধে তদন্ত চলছে।