টাঙ্গাইলের ভূঞাপুরে শূকুরের বাচ্চা বিক্রির জেরে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন বিএনপির দুই নেতা।
বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলা অজূর্না ইউনিয়নের কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একটি শূকর দলছুট হয়ে কুঠিবয়ড়া এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। পরে শূকরটি সেখানে একাধিক বাচ্চা প্রসব করে। শুকরের ছানাগুলো বড় হলে ওই পরিবারের আশিক মোল্ল্যা নামের একজন শুকরের ছানাগুলো বিক্রি করে দেয়। বিষয়টি নিয়ে গাবসারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলামের সঙ্গে আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার সাথে তর্ক হয়।
এক পর্যায়ে দুই পক্ষের মারপিটের ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা সফিকুল ইসলাম ও তোতা মোল্লা আহত হয়। পরে তাদের দুইজনকে ভূঞাপুর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে তারা বাড়িতে ফেরেন।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।