সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেড়ারদহ ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (২০) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার বৈকুণ্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে পুলিশ  মরদেহ দুটি উদ্ধার করে। 

রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, রোববার রাতে তারা নিখোঁজ হন। সোমবার পরিবারের পক্ষ থেকে নিহতদের নিখোঁজের অভিযোগ করা হয়। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।