গাজীপুরের শ্রীপুরে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ২৫ শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এসব মামলা মিথ্যা দাবি করে শিক্ষকেরা নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে এ মানববন্ধন করেন শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতারা।
জানা যায়, কোনো শিক্ষক আত্মগোপনে, কেউ বাড়িছাড়া, আর কেউ আতঙ্কে শ্রেণিকক্ষে পাঠদান করছেন। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯ জনের পরিবার ৯টি মামলা করে, এতে প্রায় ২ হাজার মানুষ আসামি হন। বিজিবি সদস্য আব্দুল আলীম শেখ নিহত হওয়ার ঘটনায়ও একটি মামলা হয়, যেখানে হাজারো অজ্ঞাতনামা আসামি করা হয়।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রাথমিক ও মাধ্যমিকের ১১ শিক্ষককে মামলায় জড়ানো হয়েছে, অথচ তারা ঘটনার সঙ্গে জড়িত নন।
শিক্ষক শাহজাহান সিরাজ বলেন, তিনি অসুস্থ থাকায় ঘটনার সময় চলাফেরার অবস্থায় ছিলেন না, তবুও মামলা হয়েছে। আলী আসকর মাস্টার জানান, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন, অথচ তাকেও আসামি করা হয়েছে। জহিরুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলেই ছিলেন না, তবু তার নাম মামলা তালিকায়।
মানববন্ধনে শিক্ষক নেতারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, তদন্তে সম্পৃক্ততা না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।