ট্রাম্প প্রশাসনের দাবি করা একাধিক নতুন নীতিমালা বাস্তবায়নে সম্মত হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যাওয়া ফেডারেল তহবিল পুনরুদ্ধার করতে শুক্রবার (২১ মার্চ) এ পদক্ষেপ নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি স্মারকলিপি অনুসারে, পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো ক্যাম্পাসের প্রতিবাদ নীতির ব্যাপক সংস্কার। পাশাপাশি কলম্বিয়ার মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশীয় ও আফ্রিকান স্টাডিজ বিভাগ, সেন্টার ফর প্যালেস্টাইন স্টাডিজ এবং ইনস্টিটিউট ফর ইসরায়েল অ্যান্ড ইহুদি স্টাডিজসহ অন্যান্য বিষয় নিয়ে নতুন করে পর্যালোচনা।
সেই সঙ্গে মুখ ঢেকে বা মুখোশ পরে প্রতিবাদ করতে দেওয়া হবে না বলেও সম্মত হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশ্ববিদ্যালয় ভবনের ভিতরে বিক্ষোভ নিষিদ্ধ হচ্ছে।
দৃশ্যমানভাবে গুরুত্বপূর্ণ আরেকটি নীতি পরিবর্তনের মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ে ঢুকে পুলিশ অফিসাররা ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করতে পারবে এবং তাদেরকে অপসারণের ক্ষমতা পর্যন্ত দেওয়া হবে।
ফিলিস্থিনে ইসরায়েলের আগ্রাসন থামানো এবং ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভটি গত বছর দ্রুত দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
ডোনাল্ড ট্রাম্প গত ৭ মার্চ ঘোষণা দেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হওয়ায় ৪০০ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান এবং চুক্তি বাতিল করেছেন।