ময়মনসিংহে কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম।
ওসি মো. শফিকুল ইসলাম জানান, ‘দুই নারী ও একজন পুরুষ চুরখাই মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এদিকে, স্থানীয় উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানটি আটক করেন। তবে এ সময় চালক পালিয়ে যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে দিলে দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী মানুষ। পরে বেলা পৌনে তিনটায় পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।