অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ : মোসাদ্দেক

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের একতরফা লড়াইয়ে সময়টা এখন অতীত। হাল সময়ে লঙ্কানদের বিরুদ্ধে টাইগারদের লড়াই বেশ জমজমাট। জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের বিদায়ের পর ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের দলটা আগের মতো শক্তিশালী নয়। গত বছর এশিয়া কাপে দুই দলের সর্বশেষ সাক্ষাতেও জয়ী দল বাংলাদেশ। বিশ্বকাপে বৃষ্টিতে পণ্ড হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ।

বিশ্বকাপের পরপরই আবার ২২ গজে দেখা হচ্ছে দুই দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকালই কলম্বোর উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। এই সিরিজে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার গতকাল বলেছেন, অভিজ্ঞতার দিক থেকে লঙ্কানদের চেয়ে এগিয়ে থাকবে টাইগাররা।

আরও পড়ুন : সৌদি আরবে ৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়ানডেতে দুই দলের ৪৫ ম্যাচের দ্বৈরথে মাত্র সাতবার জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যান নয় বাংলাদেশ নজর রাখতে চায় নির্দিষ্ট দিনের লড়াইয়ে। পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ দলে অভিজ্ঞ খেলোয়াড় বেশি। সাকিব না খেললেও অভিজ্ঞ চার ক্রিকেটার মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক যাচ্ছেন লঙ্কা সফরে। সঙ্গে সৌম্য, বিজয়, রুবেল, মিঠুন, মুস্তাফিজরাও যাচ্ছেন। আর সেটিই আত্মবিশ্বাসী করে তুলছে মোসাদ্দেককে।

শ্রীলঙ্কা সিরিজের জন্য গতকাল সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই সিরিজে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থাকার বিষয়ে জানতে চাইলে অনুশীলন শেষে মোসাদ্দেক বলেছেন, ‘বোলিং এবং ব্যাটিং ডিপার্টমেন্টের দিক থেকে আমরা অনেক ভালো অবস্থানে আছি। আর অভিজ্ঞতা হিসেব করতে গেলেও আমরা বেশ ভালো অবস্থানে আছি। তাই আমি মনে করি এইদিকগুলোর দিক থেকে অন্যান্য দলগুলোর চেয়ে আমরা এগিয়ে থাকি সবসময়। বর্তমানে বিশ্বে যে দলগুলো আছে তাদের চেয়ে আমরা অভিজ্ঞতার দিক থেকে ভালো অবস্থানে আছি। বর্তমানে বিশ্ব ক্রিকেটে যে দলগুলো আছে তাদের সঙ্গে অভিজ্ঞতার তুলনা করলে আমাদেরই সবথেকে বেশি। আমার মতে এদিক থেকে আমরা অনেক এগিয়ে।’

সিরিজটা খেলবেন না সাকিব। বিয়ের কারণে ছুটি নিয়েছেন লিটন দাসও। তারপরও বাংলাদেশ দলটা ভারসাম্যপূর্ণ বলেই জানালেন মোসাদ্দেক। তার মতে, তাদের জায়গায় দলে আসা এনামুল হক বিজয়, তাইজুল ইসলামরা পারফরমার।

গতকাল মোসাদ্দেক বলেছেন, ‘সাকিব ভাই নেই, লিটনও নেই দলে। তাদের জায়গায় যারা বদলি হিসেবে এসেছে, তারাও কিন্তু পারফরমার। ওরা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছে। এছাড়া আপনি যদি আন্তর্জাতিক ম্যাচ না খেলেন তাহলে বুঝবেন কি করে যে ভালো করছে তারা। আন্তর্জাতিক ম্যাচ খেললেই আপনি বুঝতে পারবেন। বিজয় এখন খুব ভালো ব্যাটিং করছে। একটা সেঞ্চুরি করেছে। তাইজুল ভাই প্রতিদিনই উইকেট নিচ্ছেন। তবে আমি মনে করি দল হিসেবে আমরা বেশ ব্যালেন্সড।’

বিশ্বকাপ শেষে কয়েকদিনের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে তারা মনোযোগী হতে চান শ্রীলঙ্কা সফরের দিকে। গতকাল মোসাদ্দেক বলেছেন, ‘যদি চিন্তা করতে যাই তাহলে অনেক বেশি কিছু হয়ত চলে আসবে। আবার চিন্তা না করলে কিছুই না। কারণ জীবনে একটি বিশ্বকাপই সবকিছু না। এমন না যে বিশ্বকাপ শেষ মানে সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের দিন শেষে ক্রিকেটই খেলতে হবে। তাই আমি মনে করি না যে বিশ্বকাপ নিয়ে আমাদের চিন্তা করার খুব বেশি সময় আছে।’

উল্লেখ্য, আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

ইত্তেফাক/কেআই