প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার এক থাই গ্লাসের দোকান থেকে তিনজন এবং রাতে বাগাতিপাড়ার উপর হাটদোল গ্রামে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) ও সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে আসামি মেহেদী হাসানের পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু গত এক মাস আগে তরুণীকে সঙ্গে দেখা করার কথা বলে ঘটনার রাতে তরুণীর বাড়িতে যায় মেহেদী। মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেয় মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সাথে আর যোগাযোগ রাখেনি সে। একপর্যায়ে বাধ্য হয়ে মঙ্গলবার থানায় এসে চারজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ওই ভুক্তভোগী তরুণী।  

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শিকার ওই তরুণী থানায় অভিযোগ করে। এরপর পুলিশ চারজন আসামিকেই গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর তরুণীকে ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।