একসঙ্গে অন্তিম যাত্রায় দুই ভাই

বাগেরহাটের শরণখোলায় বড় ভাইকে দাফনের পরে মারা গেলেন ছোট ভাইও। একসঙ্গে  দুই ভাইয়ের অন্তিম যাত্রার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিশেহারা স্বজনরা।

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলার কদমতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। একসঙ্গে না ফেরার দেশে পাড়ি জমানো দুই ভাই হলেন লাল মিয়া হাওলাদার (৬৫) এবং জাহাঙ্গীর হাওলাদার (৪৮)।

পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড মিল ছিল। বড় ভাই লাল মিয়া থাকতেন ঢাকায়। মঙ্গলবার সেখানেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। বুধবার সকালে কদমতলা গ্রামের নিজ বাড়িতে তার জানাজা হয়। লাল মিয়াকে দাফন শেষে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়েন ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদার। জাহাঙ্গীরকে সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই একই সময় মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাহাঙ্গীরের শ্যালক মানিক শেখ বলেন, আমার দুলাভাই সুস্থ ছিলেন। তার বড় ভাইয়ের দাফনেও অংশ নিয়েছিলেন। কিন্তু দাফন শেষে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানিয়েছেন তিনি বেঁচে নেই। একসঙ্গে দুই ভাই মারা গেলে। পরিবারের সবাইকে কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আশফাক হোসেন বলেন, বুধবার সকালে জাহাঙ্গীর হাওলাদার নামের এক ব্যক্তিকে নিয়ে এসেছিলেন স্বজনরা। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। শুনেছি তার বড় ভাইও একই দিনে মারা গেছেন। বিষয়টি মর্মান্তিক।