মাঝের আসনে এখন বসতে চাইবে যাত্রী!

বিমানে তিন আসনের মাঝখানটা কেউ নিতে চায় না! এ ব্যাপারে এমন কথাই আছে যে, 'মাঝের আসন সবচেয়ে বাজে আসন!' কারণ, মাঝখানের আসনে বসা ব্যক্তির অবস্থা দুইপাশের দুই যাত্রীর চাপে অনেকটা স্যান্ডুইচ বা বার্গারের মতো হয়। মাঝের যাত্রীকে কনুই রাখতেও অসুবিধা ভোগ করতে হয়।

তিন আসনের মাঝখানের যাত্রীর এ দূরাবস্থা দূর করে মাঝের আসনকে চাহিদাসম্পন্ন করতে নতুন আসন পরিকল্পনা করা হয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী মাঝখানের আসনটি হবে দুই পাশের আসনের তুলনায় ৫ থেকে ৮ ইঞ্চি বেশি চওড়া। ফলে তুলনামূলক বেশি জায়গায় গা এলিয়ে বসা যাবে। থাকবে আলাদা হাতল। ফলে স্বাধীনভাবে হাত রাখতে পারবেন যাত্রী। দুইপাশের যাত্রীর সঙ্গে হাতল ভাগাভাগি করতে হবে না। তাছাড়া আসনটি দুই পাশের আসনের চেয়ে একটু নিচে রাখা হবে। ফলে দুদিক থেকে গায়ের ওপর চেপে আসার কোনো সুযোগ থাকছে না। আশংকা থাকছে না স্যান্ডুইচ হওয়ার! এমনকি মাঝের আসনের যাত্রীর জন্য তুলনামূলক বড় স্ক্রিনও দেওয়ার পরিকল্পনা চলছে।

ফলে এতদিনের অনাকাংক্ষিত, অবহেলিত, অপ্রত্যাশিত মাঝখানের আসনটি এখন যাত্রীদের কাছে প্রত্যাশিত, আকাংক্ষিত হয়ে উঠবে বলে আশা করছে বিমান কোম্পানিগুলো।

আরও পড়ুন: ইরানি ড্রোন ধ্বংস করেছে মার্কিন যুদ্ধ জাহাজ: ট্রাম্প

মাঝখানের আসনের নকশাটি ইতিমধ্যে গতমাসে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দিয়েছে। তারপরও কিছু যাত্রী এ নকশা দেখে অভিযোগ করেছে বলেছে, 'হাতের বা শরীরের জায়গা বৃদ্ধির পরিকল্পনা ঠিক আছে। কিন্তু পায়ের জায়গা! আসন নিচে হওয়ার কারণে তো পায়ের জন্য কমে আসবে! সেটার সমাধান কি? কাজেই এখানে সমস্যা থেকেই যাচ্ছে!

ইত্তেফাক/নূহু