রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত

রাজবাড়ীতে ট্রাকচাপায় মো. শিমুল গাজী (৪) নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আহলাদীপুর ব্র্যাক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও চালক মো. ফরিদ মোল্যাকে আটক করেছে। শিমুল সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের মো. সেলিম গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, আহলাদীপুর ব্র্যাক সেন্টারের সামনে অবস্থানরত রাজবাড়ীর বাণিজ্য মেলার লটারি কুপনের অটোরিকশা থেকে কুপন কেনার জন্য রাস্তার পাড় হচ্ছিলো শিমুল। এসময় ফরিদপুর থেকে রাজবাড়ী গামী দ্রুতগতির ট্রাকটি শিমুলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলে শিশু শিমুল গুরুতর আহত হলে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ট্রাক চালক ও ট্রাকটি আটক করে।

আরও পড়ুন: সড়কে প্রাণ ঝরল আশার কর্মী

আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ ভুইয়া জানান, এ ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি ও ট্রাক চালক মো. ফরিদ মোল্যাকে আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম