মুক্তাগাছায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের পূর্ব চন্ডিমন্ডব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চন্ডিমন্ডব এলাকার নাজিমউদ্দিনের সাড়ে ৪ বছর বয়সী পুত্র উজ্জ্বল মিয়া এবং মৃত সাজ্জাদ হোসেনের সাড়ে ৪ বছর বয়সী মেয়ে জান্নান। নিহতরা স্থানীয় বাসিন্দা।

দুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী হুসি জানান, স্থানীয় এক ব্যক্তি নতুন ঘর তৈরি করছিলেন। ঘরের খুঁটি লাগানোর জন্য সেখানে মাটি খুঁড়ে গর্ত করা হয়।

সকলের অজান্তে সেই গর্তে জমা পানিতে দুই শিশু পড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে স্বজনরা তাদের দেখতে পেয়ে 
পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাঝের আসনে এখন বসতে চাইবে যাত্রী!

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু