৮০ হাজার টাকার বিনিময়ে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফাঁড়ি পুলিশের এক কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার এলাকার ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মো. কামরুল হাসান(২৭) লতিফপুর, বাঁশতৈল, আজগানা ও তরফপুর ইউনিয়নের চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বাড়ি কুড়াতলী গ্রামে। কামরুলের নের্তৃত্বে ২০-২৫ জন মাদক ব্যবসায়ী এলাকায় ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও চোলাই মদের ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার রাতে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য কামরুল হাসানকে মাদকসহ গ্রেফতার করে।
এরপর এলাকার একটি প্রভাবশালী মহলের যোগসাজসে পুলিশ ফাঁড়ির কর্মকর্তাগণ রাতভর নানা নাটকীয়তার পর ৮০ হাজার টাকার বিনিময়ে ফাঁড়ি থেকে কামরুলকে ছেড়ে দেয়। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ লোকজনদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: মুক্তাগাছায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে রয়েছি। ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তবে মাদক ব্যবাসায়ীকে ছেড়ে দেওয়ার ঘটনার সঙ্গে যে সব পুলিশ সদস্য জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু