কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহ পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্টতার ১১টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক কেফায়েত উল্লাহ (২৭) টেকনাফ বাহারছড়া ইউনিয়ন কচ্চপিয়া গ্রামের নুর হোছন প্রকাশ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি বলেন, টেকনাফ থানার একটি টিম কেফায়েত উল্লাহ’র নির্মাণাধীন নতুন সেমি পাকা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পূর্বে খুন, অপহরণ, মানব পাচার আইনে থানায় ১১টি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, আটক কেফায়েত উল্লাহকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।