ঈদে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন‍্য রাতের খাবারের ব‍্যবস্থা করছেন ঢাবি ছাত্রদল নেতা

ঈদ মানেই আনন্দের ভাগাভাগি। ঈদের ছুটিতে সমগ্র ঢাকা শহর খালি হয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় হলসমূহে অবস্হান করে অসংখ‍্য শিক্ষার্থী। আর সেসব শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এবার ঈদের দিন রাতে ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে রাতের খাবার পৌঁছে দেয়ার প্রত‍্যয় ব‍্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ‍্যালয় ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। কমল মেডিএইড, ঢাবি’র উদ‍্যোগে ঈদের দিন রাতে খাবার পৌঁছে দেওয়ার ব‍্যবস্থা করা হবে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ‍্যালয় ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম জানান, ঈদের দিন ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ১৯টি আবাসিক হলে যে সকল শিক্ষার্থীগণ অবস্থান করবেন সেসব ভাইবোনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি’র উদ্দেশ‍্যে রাতের খাবারটি কমল মেডিএইড, ঢাবি’র পক্ষ থেকে হলরুমে পৌঁছে দিতে চাই। যারা ঈদের দিন বাড়িতে না যেয়ে হলে থাকবেন, ২৯ তারিখ রাত ১২টার মধ‍্যে তাদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছি। দুপুরে বিভিন্ন হল প্রশাসন খাবারের আয়োজন করছে বলেই আমি রাতের আয়োজনটির ব‍্যবস্থা করছি।

কমল মেডিএইড, ঢাবি সংগঠনটি সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট, স্বাস্থ্যসেবা ক‍্যাম্প, গার্লস কমনরুমে স‍্যানিটারি ভেন্ডিং মেশিন প্রতিস্থাপনসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে জনপ্রিয়তা লাভ করেছে।