মাদারীপুরে খালের পানিতে থাকা একটি কুমিরকে ফাঁদ পেতে কৌশলে আটক করে এলাকাবাসী। শেষ পর্যন্ত কুমিরটিকে পিটিয়ে মেরেছে উৎসুক জনতা।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল।
জানা যায়, কালকিনির পালরদী নদীতে কিছুদিন ধরে একটি কুমির দেখা যাচ্ছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসন মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। শনিবার নতুন আন্ডারচরে নদীর সংযোগ খালে কুমিরটির সন্ধান পাওয়া যায়। পরে এলাকাবাসী ফাঁদ পেতে প্রাণীটিকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলে। বিষয়টি জানাজানি হলে অনেকে সেখানে ভিড় জমান। একপর্যায়ে উৎসুক জনতা কুমিরটিকে পিটিয়ে হত্যা করে।
সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ সরদার জানান, কুমিরটিকে আঘাত করা ঠিক হয়নি। কুমিরটি উদ্ধার করে বনবিভাগের দায়িত্বে দেওয়া উচিত ছিল।
এ ব্যাপারে মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ জানান, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসনও যাচ্ছিল। তবে উৎসুক জনতা কুমিরকে পিটিয়ে মেরে ফেলছে। কিন্তু বন্যপ্রাণী হত্যা করা আইনগত দণ্ডনীয়। মৃত কুমিররের দেহ উদ্ধার করে ময়না তদন্ত করা হবে।