শেষ সময়ে আতর টুপি আর গহনা জুতার দোকানে ভিড়

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসী শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত। ঈদের পোশাক কেনা শেষে এখন আতর, টুপি, গয়না, জুতার দোকানে ছুটছে অনেকে। পোশাকের সঙ্গে মিলিয়ে এসব পণ্য কিনছে ক্রেতারা। গতকাল শনিবার রাজধানীর নিউ মার্কেট, চকবাজার ও মালিবাগের মৌচাক মার্কেট ঘুরে দেখা গেছে এসব চিত্র। প্রতিটি গয়না ও জুতার দোকানে নারীদের উপচে পড়া ভিড়। আর তরুণ বৃদ্ধ সববয়সী মুসল্লিদের আতর-টুপির দোকানে কেনাকাটায় ভিড় দেখা গেছে। বিশেষ করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।  বিক্রেতাদেরও যেন দম ফেলার ফুরসত নেই।

সরেজমিনে দেখা গেছে, নারীরা মোবাইল ফোনে তাদের ঈদের পোশাকের ছবি তুলে এনেছেন, তার ম্যাচিং করে কিনছেন দুল, মালা, পায়েল, ব্রেসলেট ও আংটি। জুতার দোকানেও একই চিত্র দেখা গেছে।

গহনার দোকানগুলোতে স্বর্ণের গহনা থেকে ইমিটেশন, স্টোনের সিলভার ও এন্টিক গয়না বিক্রি হচ্ছে বেশি। বিশেষ করে বিদেশি ইমিটেশনের গহনার আর স্টোনের গহনার প্রতি নারীদের ঝোঁক বেশি দেখা গেছে। কেউ কেউ গোল্ড প্লেটেড গয়না কিনছেন। এসব গয়নার দাম ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা। ফ্যাশন জুয়েলারি ২০০ থেকে ১ হাজার এবং হাতে তৈরি গয়না পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।  তবে ইমিটেশনের গহনা বেশি বিক্রি হচ্ছে। দামের দিক থেকে ইমিটেশনের সাধারণ বালা ৫০ থেকে ৩৫০, পাথর বসানো কানের দুল ৫০ থেকে ৩০০ টাকা। এছাড়া ৫০ টাকায় পাওয়া যাচ্ছে একগুচ্ছ রেশমি চুড়ি।

গহনার ক্রেতারা বলছেন, ঈদের আনন্দ পরিপূর্ণ করতে পোশাকের পাশাপাশি গয়না ও জুতার মধ্যে মিল না থাকলে সৌন্দর্য ফুটে ওঠে না। তাই সব সময় ঈদের পোশাকের সঙ্গে সাদৃশ্য রেখে গয়না ও জুতাসহ অন্যান্য জিনিস কেনার চেষ্টা করি। গহনা ব্যবসায়ীরা বলছেন, শেষ মুহূর্তে গয়না ও জুতার ক্রেতা বেড়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেট জমজমাট বিক্রি হচ্ছে।

এদিকে ঈদ যতই ঘনিয়ে আসে, পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি ও পছন্দের সুবাস গায়ে মাখাতে আতর ও টুপির দোকানে যেন ভিড় আরও বাড়ছে। মুসল্লিরা বাহারি টুপি, নকশা ও কারুকাজ করা জায়নামাজের সঙ্গে খুঁজে নেন পছন্দের আতর। সরেজমিনে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে গিয়ে দেখা যায়, দেশে বানানো টুপির পাশাপাশি মার্কেটের দোকানগুলোতে আছে চীন, ভারত, পাকিস্তান ও দুবাইয়ের টুপি। মালয়েশিয়ার তৈরি ভেলবেট মাহতির টুপি, ইন্ডিয়ান বুরি টুপি, সৌদির বুগিস টুপি। এসব টুপির দাম ৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। পাকিস্তানি টুপি ২০০ থেকে ১৫০০ টাকা। এর মধ্যে পাথরের কাজ করা পাকিস্তানি টুপি ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মোটামুটি ভালো মানের একেকটি গোলটুপির দাম রাখা হচ্ছে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে, একটু উন্নত টুপির দাম পড়ছে ২৫০ থেকে ৬০০ টাকার মধ্যে।