যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলছে মায়ামি ওপেনের ৪০তম আসর। পুরুষ এককে ফাইনালে উঠার লড়াইয়ে গতকাল গ্রিগর দিমিত্রভের বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে নেমেছিল নোভাক জোকোভিচ। দুই সেটের ম্যাচে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ার কিংবদন্তি জোকোভিচ। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ৯৯টি ট্রফি জিতেছেন জোকোভিচ।
মায়ামি ওপেনের শিরোপা জিততে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ১০০ ট্রফি জেতার মাইলফলক স্পর্শ করছেন এই সার্বিয়ার তারকা। কোর্টে বিশ্বের সেরা টেনিস তারকা জোকোভিচ থাকলেও এদিন সবার নজর ছিল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ওপর। ইন্টার মায়ামিতে খেলার সুবাদে মায়ামি থাকছেন মেসি। ইনজুরির কারণে ছিলেন না উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। চিকিৎসা নিয়ে রয়ে যান মায়ামিতে। অবসর সময় পেয়ে পুরো পরিবার নিয়ে গিয়েছেন জোকোভিচের খেলা দেখতে। হার্ড রকে সব ক্যামেরার লেন্স খুঁজে ফিরছিলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে।
এছাড়াও জোকোভিচকে বাদ দিয়ে মেসির সঙ্গে ছবি তোলার হিরিক পড়ে যায়। মেসিও হাসি মুখে মেটান ভক্তদের সেলফির আবদার। ম্যাচ শেষে লকার রুমে যান মেসি। সেখানে জোকোভিচের সঙ্গে ছবি তোলেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে মেসি নিজের ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সি তুলে দেন জোকোভিচের হাতে। এছাড়াও জোকোভিচ নিজের জার্সি উপহার দেন মেসিকে।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকোভিচ জানিয়েছেন, মেসির সামনে খেলতে পারাটা সম্মানের। তিনি আরও বলেন, 'আমি খুব খুশি, তাকে (মেসি) এখানে পেয়ে আমি রোমাঞ্চিত। আমি প্রথমবারের মতো মেসির সামনে খেলেছি এবং এটি দুর্দান্ত একটি মুহূর্ত।'
এছাড়াও মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্বসেরা এই টেনিস তারকা বলেন, 'আমি সত্যিই কৃতজ্ঞ যে তিনি তার ছেলে এবং পরিবারের নিয়ে এখানে এসেছেন। বিশ্বের বেশির ভাগ খেলোয়াড়ের মতো আমিও তার (মেসি) ক্যারিয়ারের বেশির ভাগ সময় তাকে প্রশংসায় ভাসিয়েছি। এটি আশ্চর্যজনক যে তিনি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। আমরা আসলে একই বয়সী, ১৯৮৭ সালে আমি এবং মেসি দুই জনই জন্মগ্রহণ করেছি, তাই তাকে পাশে পেয়ে বেশ ভালো লাগছে।'
ফাইনালে রোববার চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় জ্যাকব মেনশিকের বিপক্ষে ফাইনালে লড়বেন নোভাক জোকোভিচ। ফাইনাল নিয়ে তিনি বলেন, 'আমি আশা করি রবিবার শিরোপা জিতবো। এখন পর্যন্ত এটি এখানে শিরোপা জিততে পারিনি। আমি এখনো এক সেটও হারিনি। আমি সত্যিই ভালো টেনিস খেলছি, যতটা ভালো আমি অনেক দিন ধরে খেলেছি, তাই আশা করি এটি (১০০তম শিরোপা) জিততে পারবো।'