ঈদের ছুটিতে দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিম ব্যবহারকারী

ঈদুল ফিতরের ছুটিতে গত দুই দিন প্রায় ৪১ লাখ সিম ব্যবহারকারী রাজধানী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে শুক্রবার (২৮ মার্চ) ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। আর শনিবার (২৯ মার্চ) ঢাকা ছাড়েন ২১ লাখ ৯৫ হাজার মানুষ।

রোববার (৩০ মার্চ) বিকেলে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত দুইদিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এরমধ্যে ২৮ মার্চ রাত ১২টার পর থেকে ২৪ ঘণ্টায় ঢাকা থেকে বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি মোবাইল সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী।

ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ১৬ হাজার গ্রামীণফোনের সিম ব্যবহারকারী। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, টেলিটকের ৯৭ হাজার ৬৩টি সিম ব্যবহারকারী এদিন ঢাকা ছেড়েছেন।

অন্যদিকে ঢাকায় প্রবেশ করাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী দুই লাখ ১০ হাজার ৭৩৫ জন, রবির ১ লাখ ২০ হাজার ৬৪৯, বাংলালিংকের দুই লাখ ১২ হাজার ৬০৪, টেলিটকের ৬৮ হাজার ৩৪৪টি।

একই বার্তায় আরও জানানো হয়, ওই দুই দিনে রাজধানীতে প্রবেশ করেছেন ১২ লাখের বেশি সিম ব্যবহারকারী। এরমধ্যে ২৮ মার্চ ৬ লাখ ১২ হাজার ৩৩২ এবং ২৯ মার্চ ৫ লাখ ৮৮ হাজার ৪ সিম ব্যবহারকারী রাজধানীতে প্রবেশ করেছেন।