আলু কেনা নিয়ে তর্ক, দোকানির মারধরে প্রাণ গেল ক্রেতার

নড়াইলের লোহাগড়া পৌরসভায় আলু নিয়ে তর্কের জেরে আব্দুল্লাহ আল-মামুন (৪৭) নামের এক ক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত দোকানিকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে এবং নড়াইল জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (১২৯৫) সাধারণ সম্পাদক। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নড়াইল জেলা শহর থেকে কাজ শেষে কাঁচামাল কেনার জন্য আব্দুল্লাহ আল মামুন লক্ষীপাশা চৌরাস্তা বাজারে ইদ্রিস শেখের দোকানে যান। এ সময় আলু কেনাকে কেন্দ্র করে মামুনের সঙ্গে দোকানদার ইদ্রিস শেখের তর্ক-বির্তক হয়। তর্ক-বির্তকের এক পর্যায়ে  ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে  মামুনের ঘাড়ে ও মাথায় আঘাত করে। এ সময় মামুন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ইদ্রিস শেখকে আটক করেছে পুলিশ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইদ্রিস শেখকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।