কিছুতেই যেন দুঃসময় কাটছে না ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার পর সান্ত্বনা কেবল এফএ কাপ। বোর্নমাউথকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। তবে এমন দিনেও দুঃসংবাদ সঙ্গী হয়েছে ম্যানসিটির। মারাত্মক চোটে পেয়ে ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়েছেন আর্লিং হালান্ড।
রোববার (৩০ মার্চ) কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয়ের ম্যাচে ম্যানসিটির পক্ষে ৪৯ মিনিটে গোলও করেন হালান্ড। তবে গোল করার কয়েক মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডার লুইস কুক তাক বাজেভাবে ট্যাকল করলে গোড়ালিতে চোট পান তিনি।
শুরুতে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও টিকতে পারেননি ব্যথায়। চোটের গভীরতা টের পাওয়া যায় ম্যাচ শেষে। একটি ছবিতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা তারকা। কোচ পেপ গার্দিওয়ালা চোটের অবস্থা জানাতে পারেননি। আরও কিছু পরীক্ষার পর জানা যাবে বিস্তারিত।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও বিরতির পর সিটিকে সমতায় ফেরান হালান্ড। পরে ওমার মার্মাউশের গোলে জয় নিশ্চিত হয় সিটির। আগামী ২৬ এপ্রিল সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচে হালান্ডারের খেলা সংশয়ে।