নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ঈদের দিনে সংঘর্ষে জড়িযে পড়েছে দুই পক্ষ। এতে আকবার শেখ (৬৫) নামের এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষে ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্বার করে লোহাগড়া, মোহাম্মদপুর, নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দা মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মনিরুল জমাদ্দার গ্রুপের আকবর শেখ নামে সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনা সদস্য আকবার শেখ নিহত হয়েছেন। লাহুড়িয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।