ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় ১০ দিনের ব্যবধানে অন্তত ৩২২ শিশু নিহত এবং ৬০৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।
সোমবার (৩১ মার্চ) এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, নিহত ও আহত শিশুদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছিল এবং অস্থায়ী তাঁবু বা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছিল।
এছাড়া, ২৩ মার্চ গাজার দক্ষিণাঞ্চলের আল নাসের হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে হামলায়ও অনেক শিশু হতাহত হয়েছে।
ইসরায়েল গত ১৮ মার্চ থেকে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে, পরে স্থল অভিযানও চালায়।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, 'যুদ্ধবিরতি শিশুদের জন্য আশার আলো হয়ে উঠেছিল। কিন্তু নতুন করে হামলা শুরু হওয়ায় তারা আবারও সহিংসতার শিকার হচ্ছে।'
তিনি সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। ৩৪ হাজারের বেশি আহত হয়েছে। ১০ লাখের বেশি শিশু বারবার বাস্তুচ্যুত হয়ে মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েছে।
সংস্থাটি দ্রুত যুদ্ধ বন্ধ এবং ২ মার্চ থেকে ইসরায়েলের আরোপিত মানবিক সহায়তা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
তারা আরও বলেছে, 'অসুস্থ ও আহত শিশুদের চিকিৎসার জন্য অবিলম্বে সরিয়ে নেওয়া জরুরি। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তার অভাবে শিশুদের মৃত্যুহার আরও বাড়বে।'
ইউনিসেফ বলেছে, 'বিশ্ব এ হত্যাযজ্ঞ ও শিশুদের দুর্ভোগকে নির্বিকারভাবে দেখতে পারে না।'
গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে সংস্থাটি।