যুদ্ধবিরতি ভঙ্গ করে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে চার জনকে হত্যা করেছে ইসরায়েল। দ্বিতীয়বাবের মতো যুদ্ধবিরতি ভঙ্গ করে মঙ্গলবার (১ এপ্রিল) ভোরে চালানো এই হামলায় ৭ জন আহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোনো ধরণের পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর একজন কর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যিনি হামাসকে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় সহায়তা করেছিলেন। হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহত চার জনের মধ্যে ৩ জনই বেসামরিক নাগরিক। সেই সঙ্গে একজন নারীসহ আরও ৭ জন আহত হন।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই বিপজ্জনক হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অটল থাকার জন্য আমাদের আরও প্রচেষ্টা প্রয়োজন। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।
এর আগে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত শুক্রবার ইসরায়েল বৈরুতে প্রথম আক্রমণ চালায়।