গানেই ভালো লাগা শানিলার

 

দেশের সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব খান আতাউর রহমান। তার ছেলে আগুন ও মেয়ে স্থপতি রুমানা ইসলাম সংগীতাঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছেন অনেক আগেই। গানের আবহে বেড়ে ওঠা এই পরিবারের তৃতীয় প্রজন্মের মেয়ে শানিলা ইসলামও হাঁটছেন নানা, মামা ও মায়ের পথ ধরে। গানে শানিলার ভালোলাগা নিয়ে আজকের অন্যতারুণ্য।

 

মাত্র চার বছর বয়সে গানে হাতেখড়ি হয় শানিলা ইসলামের। ক্লাস ফাইভে পড়ার সময় তার বাবা ও বড়বোনকে গিটার কিনে দিয়েছিলেন। আর নানা, মামা ও মায়ের প্রভাব তো ছিলই। তার বাবা স্থপতি আশরাফুল ইসলামও ক্লাসিক্যাল গান শুনতে ভালবাসতেন, যা শানিলাকেও আকৃষ্ট করত। গান শোনার পাশাপাশি সেই গিটারে টুংটাং করতে করতেই গানের প্রতি ভালোবাসাটা গভীর হয়। সেই থেকে শুরু। সানিডেল স্কুল থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেছেন। এখন পড়ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষে। হাঁটতে চান মা-বাবার পথ ধরেই। তিনি বাস্কেটবল খেলতে ও ঘুরে বেড়াতে পছন্দ করেন। কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে নিজের লেখা ও গাওয়া ‘যত যা-ই বলো’ নামের একটি গানের মিউজিক ভিডিও আপলোড করেন তিনি। স্বল্পসময়ের মধ্যেই এটি বেশ প্রশংসা কুড়ায়। বাংলার পাশাপাশি প্রখ্যাত শিল্পীদের কিছু ইংরেজি গানও গাইছেন। এ ছাড়া মা ও মামার সঙ্গে বেশকিছু অনুষ্ঠানেও গান গেয়েছেন। শানিলা ইসলাম বললেন, ‘একেকসময় একেকধরনের গান ভালো লাগে। তবে পপ ও রক ঘরানার গানই বেশি পছন্দ। নিজেকে একশব্দে কেমন বলবেন, এই প্রশ্নের উত্তরে শানিলার জবাব, ‘আমি বেখেয়ালী’! শানিলার ভবিষ্যত্ পরিকল্পনা হলো, সংগীতাঙ্গনে নিজের অবস্থান গড়তে চান।