ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের একদিন পর ঘাসক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর মো. মাহবুবুর রহমান (১৭)। তিনি ওই গ্রামের সাইফুল্লাহ মোল্যার ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ওসি মো. সফর আলী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মাহবুবুর মাদকাসক্ত ছিল। তাকে নেশা থেকে বিরত রাখতে তিন বছর আগে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি দেওয়া হয়। গার্মেন্টসে চাকরি করলেও সে নেশা ছাড়তে পারেনি। সবশেষ বুধবার রাত ১০টার দিকে মাহবুবুর তার বাবার কাছ থেকে ১০০ টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় মাহবুবুরের মরদেহ ঘাসক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেয় স্থানীয়রা।
ওসি মো. সফর আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা জাতীয় দ্রব্য খেয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।