জামালপুরের ইসলামপুরে যমুনা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় বিল্লাল আলী (৪৫) ওরফে বিল্লাল মণ্ডল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে কৃষক বিল্লাল মণ্ডলের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, এর আগে কুলকান্দি পাইলিং ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত খেয়া নৌকায় প্রায় ৪০ জন নারী-পুরুষ যমুনা নদীর পশ্চিম পাড়ে কৃষিজমিতে কাজ করার জন্য রওনা হন। পাড়ের কাছাকাছি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। পরে একজনের লাশ উদ্ধার হয়।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নজরুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় বিল্লাল মণ্ডল নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, নৌকাডুবির ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।