আরও এক এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল ভক্তরা 

কিছুদিন আগে বার্সা বস হ্যান্সি ফ্লিক বলেছিলেন, ট্রেবল জিততে চান তিনি এবং হতে চান বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সেরা কোচ। শুধু বলেই ক্ষান্ত হননি এই জার্মান মাস্টার মাইন্ড। মাঠে শিষ্যদের দিয়ে ঘটাচ্ছেন সেটারই প্রতিফলন। ২০১৪-২০১৫ মৌসুমে লুইস এনরিকের পর এবার ফ্লিকের হাত ধরে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন কাতালান সমর্থকরা। 

বুধবার রাতে কোপা দেল রে-এর ফাইনালে উঠার লড়াইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে দ্বিতীয় লেগে মাঠে নেমেছে বার্সেলোনা। প্রথম লেগে বার্সেলোনার ঘরের মাঠে ৪-৪ গোলের ড্র নিয়ে ফিরেছিল দিয়েগো সিমিওনের দল। যার কারণে এই ম্যাচে স্বাগতিকদের আত্মবিশ্বাস ছিল, শেষ হাসি তারাই হাসবেন। তবে মাঠে দেখা গেল উলটো চিত্র। মেট্রোপলিটানোতে নিজেদের ৭০ হাজার দর্শকদের সামনে শেষ হাসি হাসতে পারেনি ডি পল, আলভারেজ, গ্রিজম্যানরা। পুরো ম্যাচে একটিও গোল বারে শর্ট করতে পারেনি স্বাগতিকরা। এমন বাজে পারফরম্যান্সের কারণে মাঠ ছেড়েছে ১-০ (৫-৪) গোলের হার নিয়ে অ্যাতলেটিকো। 

ম্যাচের একমাত্র গোলটি আসে ফেরান টরিসের পা থেকে। ম্যাচের ২৭ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের দুর্দান্ত পাস থেকে অ্যাতলেটিকার জালে বল জড়ান এই স্প্যানিশ ফরোয়ার্ড। তবে বরাবরের মতোই এই ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন ১৭ বছর বয়সী ইয়ামাল। পুরো ম্যাচে স্বাগতিক ডিফেন্ডারদের পরীক্ষা নিয়েছেন তিনি। যদিও পায়ে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছে নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে। এই হারে চলতি মৌসুমে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে অ্যাতলেটিকোর। 

এর আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সিমিওনের দল। লা লিগায়ও ভালো অবস্থানে নেই দলটি। কোনো অঘটন না ঘটলে লা লিগার শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেছে অ্যাতলেটিকো, সেটা হলফ করেই বলা যায়। লা লিগায় সবার সমান ২৯ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বরে। লিগে বাকি আছে আর মাত্র ৯ ম্যাচ। এছাড়াও যথাক্রমে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সা এবং ৬৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। 

অন্যদিকে ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছে কাতালানরা। দলটি টিকে আছে ট্রেবল জয়ের দৌড়ে। যা নিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রেবল তিনি বলেন, 'স্বপ্ন দেখতে নেই মানা। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং মনোযোগী থাকতে হবে। আমরা ট্রফি জিততে চাই-আমরা একটি জিতেছি কিন্তু ক্লাবের আরো শিরোপা জয়ের সুযোগ আছে।' 

ফাইনালে শিরোপা-নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। চলতি বছরের যা দ্বিতীয় 'এল ক্লাসিকো।' ম্যাচটি ২৬ তারিখ অনুষ্ঠিত হবে। ফাইনাল নিয়ে ফ্লিক বলেন, 'আমার মনে হয়, ক্লাসিকোর ফাইনাল এখনো অনেক দূরে-এখন এটি গুরুত্বপূর্ণ নয়। এর আগে আমাদের অনেক খেলা আছে।' 

এছাড়াও ম্যাচ হারলেও বরাবরের মতোই বার্সেলোনাকে বিশ্বের সেরা ক্লাব বলে আখ্যা দিয়েছেন অ্যাতলেটিকো বস দিয়েগো সিমিওনে। তিনি বলেন, 'আমাদের প্রথমার্ধ ভালো ছিলাম না, কিন্তু ক্ষমা চাওয়ার মতো এমন কোনো পরিস্থিতিও ছিল না। ফুটবলে, এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যেখানে প্রতিপক্ষই সেরা। প্রথমার্ধে এমনটা হয়েছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক কিছু সংশোধন করেছি, খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং স্কোর সমান করতে পারতাম। তবে সেটি সম্ভব হয়নি। আমরা একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। যারা সবসময় সেরা।'