টানা আট বছর একই অন্তর্বাস পরে খেলছেন ব্রাজিলের এডারসন

অনেক ক্রীড়াবিদ অনেক রকম কুসংস্কার মেনে চলেন। তবে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের কুসংস্কার শুনলে বেশ অবাক হবেন অনেকে। বিবিসির ‘ফুটবল ফোকাস’ অনুষ্ঠানে এডারসন জানিয়েছেন, আট বছর ধরে প্রতি ম্যাচে তিনি একই অন্তর্বাস পরে খেলছেন।

ম্যানসিটির এই গোলরক্ষক বলেন, ‘আমার একটি মাত্র কুসংস্কারই আছে। একই অন্তর্বাস পরে সব ম্যাচ খেলি।’ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ম্যানচেস্টার সিটির সাবেক গোলরক্ষক শে গিভেন। এডারসনের মুখে এমন কথা শুনে বেশ অবাক হন তিনি।

শে গিভেন পাল্টা প্রশ্ন করেন, ‘কী, পুরো মৌসুমের জন্য একটি অন্তর্বাস?’ এরপর সঞ্চালককে আরও অবাক করে দিয়ে এডারসন বলেন, ‘না, আট বছর ধরে একই অন্তর্বাস।’ 

এমন কথা শুনে গিভেন বলেন, ‘বলেন কী! সেটা তো তাহলে খুব একটা ভালো অবস্থায় নেই।’ এরপর অট্টহাসিতে ফেটে পড়েন গিভেন ও এডারসন।

২০১৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ম্যানসিটিতে যোগ দেন এডারসন। সিটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি চারবার লিগ কাপ, দুবার এফএ কাপ ও একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এডারসনের এই কুসংস্কার যে কাজে লেগেছে তা বলায় যায়।