পরীমণিকে গ্রেপ্তারের দাবি

গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে গ্রেপ্তারের দাবি উঠেছে। 

জানা গেছে, এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন পরীমণি। এ ঘটনায় পিংকি আক্তার নামের ওই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ। 

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

গৃহকর্মীকে মারধরের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। নেটিজেনরা নায়িকাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। 

আবদুর রহমান ভুট্টো নামে এক ব্যক্তি লিখেছেন, পরীমণিকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না?

নিজাম নামে একজন লিখেছেন, যারা গৃহকর্মীকে নির্যাতন করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিৎ।

মানিক খান লিখেছেন, যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা হোক।

শরীফুল ইসলাম বলেছেন, তাকে আইনের আওতায় আনা হোক।

পরীমণিকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম নামে আরেক নেটিজেন। 

প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমণির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। 

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান।

বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমণি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

এছাড়া ২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমণির একই বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।