মানবসভ্যতার ইতিহাসে প্রতিবাদ কেবল একটিমাত্র প্রতিক্রিয়া নহে—ইহা একটি শৈল্পিক ও সৃজনশীল বৈশিষ্ট্যও রহিয়াছে। একটি সমাজে অন্যায়, বৈষম্য বা অবিচারের ঘটনা নানান সময় ঘটিয়া থাকে । ইহার প্রতিবাদে কখনো কখনো প্রচণ্ড প্রতীকী উপায় অবলম্বন করিতে দেখা যায় । প্রায় পাঁচ শত বৎসর পূর্বে ইতালির শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘মোনালিসা' চিত্রকর্মটি যেইভাবে নানা সময়ে প্রতিবাদের প্রতীক হইয়াছে, তাহা বিশেষ লক্ষণীয়। ২০২৪ সালে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে দুই জন বিক্ষোভকারী চিত্রকর্মটির দিকে সুপ ছুড়িয়া দাবি তুলিয়াছেন, যেন স্বাস্থ্যকর খাদ্যের নিশ্চয়তা দেওয়া হয় এবং কৃষকদের প্রতি সুবিচার হইয়া থাকে। পূর্বে ইহার দিকে ছুড়িয়া মারা হইয়াছে কেক ও অ্যাসিড, যাহা ছবির অনিরাপত্তার পাশাপাশি প্রতিবাদেও প্রতীকী দিককে প্রকাশ করে । দেখা যাইতেছে, বর্তমানে ‘অভিনব প্রতিবাদ' বলিয়া যাহা অভিহিত, তাহা কেবল স্লোগান, মিছিল কিংবা মানববন্ধনের মধ্যেই সীমাবদ্ধ নহে । ইহা হইতে পারে সংগীত, কবিতা, চিত্রকলা, অভিনয় বা এমনকি নিঃশব্দ অবস্থান। ভারতের মহারাষ্ট্রের এক কৃষক, যিনি জমি পাইয়াও কাগজ পান নাই, প্রতিবাদের চরম অভিব্যক্তিস্বরূপ নিজ দেহটি মাটিতে পুঁতিয়া রাখিয়াছিলেন—মাথা ব্যতীত সর্বাংশ ঢেকে দেন মাটির নিচে । ইহা কেবল সংবাদ সৃষ্টি করে নাই, বরং সমাজ-রাষ্ট্রের বিবেককে প্রশ্ন করিতে সাহায্য করে ।
প্রকৃত অর্থে, প্রতিবাদ একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থার অপরিহার্য উপাদান। যখন রাষ্ট্র, প্রতিষ্ঠান কিংবা শাসনব্যবস্থার নিকট নাগরিকের আর বলিবার কিছু থাকে না, তখন সেই মৌনতা প্রতিবাদের নূতন ভাষা লইয়া আত্মপ্রকাশ করে । উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং জুনিয়রের ‘সিভিল ডিসওবিডিয়েন্স', কিংবা নেলসন ম্যান্ডেলার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদেও কথা বলা যায় । প্রতীকী প্রতিবাদের ব্যাপারে মহাত্মা গান্ধী বলিয়াছিলেন, ইন এ জেন্টেল ওয়ে, ইউ ক্যান শেক দ্য ওয়ার্ল্ড—অর্থাৎ ‘বিনীত ভাষাতেই বিশ্বকে নাড়া দিয়া যাওয়া সম্ভব'। ইতিহাসের পৃষ্ঠায় বহু বিস্ময়কর প্রতিবাদের দৃষ্টান্ত রহিয়াছে। গ্রিক দার্শনিক সক্রেটিস আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকিয়াও বিচারের নামে প্রহসনের প্রতিবাদে মৃত্যুবরণ করিয়াছিলেন । ইহা ছিল নৈতিক চেতনার এক নিঃশব্দ ঘোষণা। যুক্তরাষ্ট্রের বোস্টন টি পার্টি, ১৭৭৩ সালে করবিরোধী এক রাজনৈতিক নাট্যমঞ্চ, যেইখানে প্রতিবাদ হইয়াছিল চা সমুদ্রে নিক্ষেপ করিয়া। আধুনিক বিশ্বে এই অভিনব প্রতিবাদের ধারা আরো বিস্তৃত হইয়াছে—নীরব মিছিল, শরীররেখাভিত্তিক গ্রাফিতি, গণসংগীত, পাহাড়ে ওঠা, কিংবা কেবল হাঁটু গেঁড়ে বসিয়া থাকা (যেমন, আমেরিকার কলিন ক্যাপারনিক)। জাপানে পারমাণবিক দুর্ঘটনার প্রতিবাদে হাজারো মানুষ নিঃশব্দে ব্যানার হাতে ‘সাইলেন্ট মার্চ’ করিয়াছেন । এই ধরনের প্রতিবাদের মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়াই প্রমাণিত হয়, মানুষ কেবল কণ্ঠস্বর দিয়াই নয়, বরং ভাবনার গভীরতায় প্রতিবাদ প্রকাশ করিতে পারে । স্ট্রিট আর্ট বা গ্রাফিটি, সামাজিক মাধ্যমের ব্যঙ্গচিত্র, কিংবা নীরব অবস্থান কর্মসূচিও ইহার অঙ্গ। এমনকি ‘ডাই-ইন’ নামক এক প্রতিবাদ পদ্ধতিতে, বিক্ষোভকারীরা মৃতের ভঙ্গিতে রাস্তায় শুইয়াও থাকেন—প্রাণহানির প্রতিবাদ করিতে । ইহা চমৎকারভাবে বিভিন্ন রাষ্ট্র ও সমাজকে নাড়া দিয়াছে ।
তবে যে কোনো প্রতিবাদে কিছু মৌলিক নীতি রক্ষা করাই কাম্য । প্রতিবাদ যেন জনমুখী হয়— উহা কাহারো ব্যক্তিগত সম্পদ বা জীবনের ক্ষতি না করে । একই সঙ্গে প্রতিবাদ হইবে ন্যায্য, সত্য ও নির্মল বুদ্ধিচর্চার ফল। এইভাবে অভিনব প্রতিবাদের ভাষা হউক আলোকময়—যাহা সমাজের বিবেক জাগায়, হৃদয় স্পর্শ করে এবং পরিবর্তনের সম্ভাবনার পথ দেখায় । সুতরাং অভিনব প্রতিবাদ হউক সমাজচিন্তার নবদিগন্ত। সৃজনশীল হউক ভাষা, গভীর হউক উদ্দেশ্য, এবং জাগ্রত থাকুক বিবেক। কারণ, একমাত্র বিবেকের শুদ্ধ প্রতিবাদই পারে সমাজকে জাগাইতে, পরিবর্তন আনিতে এবং অন্ধকার ঠেলিয়া আলোর দ্বার উন্মুক্ত করিতে।