কক্সবাজারের টেকনাফ থেকে সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. ফিরোজ (৩০)। তিনি আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে।
উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, আজ দুপুরে ফিরোজ জাল নিয়ে নাফ নদীর হোয়াইক্যং তোতার দ্বীপে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে লোকজন তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় সে দেশের সরকারি জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) টানা প্রায় ১১ মাস যুদ্ধ চলে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বিপরীতে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া পর্যন্ত এলাকা গত বছরের ৮ ডিসেম্বর দখলে নেয় আরাকান আর্মি। ওই সময় তারা বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে এসব স্থলমাইন পুঁতে রেখেছিল। এরপর থেকে বাংলাদেশি জেলেরা নাফ নদের বিভিন্ন অংশে মাছ শিকারে গেলে প্রায়ই মাইন বিস্ফোরণে আহত হচ্ছেন।
উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, দুপুরে শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক ফিরোজের পা বিচ্ছিন্ন হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে এনে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।