গাজা আজ নির্যাতিত মানুষের প্রতীক: শাকিব খান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। ওইদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। 

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও ঘৃণা প্রকাশের মধ্য দিয়ে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। ছবি: সংগৃহীত

রোববার (৬ এপ্রিল) ঢালিউড মেগাস্টার শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ‘বরবাদ’খ্যাত এ তারকা লেখেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের পাশে আছি- ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।’

শাকিব খানের এই পোস্টের সঙ্গে সহমত পোষণ করে অসংখ্য নেটিজেন মন্তব্য করেছেন। মেহেরিন নামে একজন লেখেন, ‘অনেক কষ্ট লাগছে যা বলে বুঝাতে পারব না।’ মনির লেখেন, ‘ভালোবাসা আরো বেড়ে গেল আপনার প্রতি বস।’

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, তখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত ১ হাজার ২৪৯ জন। এই সময় আহত হয়েছেন ৩ হাজার ২২ জন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। ছবি: সংগৃহীত

১৮ মার্চ থেকে গাজায় হামলার পাশাপাশি দখলও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রাফা ও খান ইউনিসে চলছে স্থল অভিযান। গতকালও উত্তর গাজার বেইত হানুন, শুজাইয়া এবং দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ানসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩০জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। তার আগের ২৪ ঘণ্টায় গাজাজুড়ে প্রাণহানি হয় ৮৬ জনের।