রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনার মদন উপজেলায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া অটো রিক্সার চাপায় মহাজ (৫) নামের এক শিশু নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার মদন-ফতেপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাজ একই উপজেলার কাপাসাটিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে। মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত শিশুটির নানী জুলেখা আক্তার বলেন, মহাজ আমার নিকটে থাকত। মঙ্গলবার সকালে বাড়ির সামনে গিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অটো আমার নাতিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আমার মেয়ে ও মেয়ের জামাই চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরী করে। সেই সুবাদেই নাতিকে আমার নিকট রেখে যায়। আমি তার মা বাবার নিকট এখন কি জবাব দেব?

মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসান জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে এমন সংবাদ পেয়েই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। নিহত শিশুটির পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।