কিশোরগঞ্জে আগুন নেভাতে গিয়ে শিক্ষক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাংগাইল-পাঠানপাড়া গ্রামের লাল মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর যাবতীয় মালামালসহ ভস্মীভূত হয়। আগুন নেভাতে আসেন লাল মিয়ার ভাতিজা আলম মিয়া (৩৫)। এ সময় বৈদ্যুতিক খুঁটি থেকে ঘরে সংযোগপ্রদানকারী তারটি বিচ্ছিন্ন করতে গেলে তার ছিঁড়ে শরীরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। 
 
নিহত আলম মিয়া একই গ্রামের সেকান্দর আলীর ছেলে এবং পাঠানপাড়া সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। 
 
কিশোরগঞ্জ দমকল বিভাগের স্টেশন অফিসার রফিউদ্দিন ভুঁইয়া শুভ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিকাল সাড়ে ৪ টার দিকে আগুন লাগার খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের ধান-চাল, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থসহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লাখ টাকা হবে। 
 
আরও পড়ুন: আলপ্স পর্বতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
 
করিমগঞ্জ থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
 
ইত্তেফাক/কেকে