ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গাজীপুরে কারখানাতেই শ্রমিকের আত্মহত্যা, ২ কর্মকর্তাকে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিতপুর এলাকায় একটি কারখানায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন ইদ্রিস আলী (২৩) নামের এক শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে কারখানাটির দুই কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে মনট্রিমস্ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কারখানাতেই ইদ্রিস আলী  নামের ওই শ্রমিক আত্মহত্যা করেন। এরপর কারখানা এক দিনের ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

সবশেষ শনিবার সকালে কারখানার সামনে অভিযুক্ত ‍দুই কর্মকর্তাকে অব্যাহতির নোটিশ সাঁটিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া কারখানা যথারীতি চালু হয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক জানিনো হয়েছে সাঁটানো ব্যানারে।

মারা যাওয়া মো. ইদ্রিস আলী উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় স্বপরিবার ভাড়া বাসায় থাকতেন। তিনি ওই কারখানার কার্টন সেকশনে কাজ করতেন।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইদ্রিস আলী বৃহস্পতিবার রাতে তার ফেসবুক আইডিতে কারখানায় অনিয়মের অভিযোগ ও সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর রাসায়নিক দ্রব্যজাতীয় কিছু পান করে আত্মহত্যা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। এ ছাড়া সকালে কারখানার প্রধান ফটকের সামনে একটি নোটিশ সাঁটিয়ে দেওয়া হয় যাতে লেখা আছে, ‘আমাদের সহকর্মী মো. ইদ্রিস আলীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

মনট্রিমস্ লিমিটেড কারখানার মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারওয়ার বলেন, ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকাল থেকে কারখানা খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের বলেন, নিহতের স্বজনেরা তাদের গ্রামের বাড়িতে আছেন। তারা ফিরলে এ ঘটনায় মামলা হবে।