আবাসিক এলাকায় ঢুকে কিশোরীকে নিয়ে গেল সিংহ

কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে সিংহের আক্রমণে ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। দেশটির বন্যপ্রাণী পরিষেবা (কেডব্লিউএস) জানিয়েছে, শহরের জাতীয় উদ্যানের পাশের একটি খামারের আবাসিক এলাকা থেকে শিশুটিকে ছিনিয়ে নেয় সিংহটি।

বিবিসির প্রতিবেদন অনুসারে, আরেকজন কিশোরী এই ঘটনা কেডব্লিউএস রেঞ্জারদের জানালে নিকটবর্তী এমবাগাথি নদীর দিকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া মেয়েটির দেহাবশেষ পাওয়া যায়।

কেডব্লিউএস জানিয়েছে, সিংহটিকে খুঁজে পাওয়া যায়নি। তবে একটি ফাঁদ পাতা হয়েছে এবং প্রাণীটিকে খুঁজতে অনুসন্ধান দল মোতায়েন রয়েছে। একই সঙ্গে আরও আক্রমণ রোধে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নাইরোবি জাতীয় উদ্যান শহরের কেন্দ্র থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি সিংহ, মহিষ, জিরাফ ও চিতাবাঘের মতো প্রাণীদের আবাসস্থল।

শহরে পশুদের বিচরণ রোধ করার জন্য রাজধানী তিন দিকে বেড়া দিয়ে ঘেরা। তবে দক্ষিণ দিকে খোলামেলা জায়গা রয়েছে, যেখান দিয়ে প্রাণীরা এলাকায় প্রবেশ করতে এবং বাইরে যেতে পারে।

কেনিয়ায় সিংহরা প্রায়শই মানুষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, বিশেষ করে গবাদি পশু নিয়ে। তবে সেখানে মানুষ মারা যায় খুব কমই।

গত বছর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল, নাইরোবি জাতীয় উদ্যানের কাছে একটি বাড়ি থেকে সিংহ একটি কুকুরকে ছিনিয়ে নিয়ে যায়।

কেডব্লিউএস আরও জানিয়েছে, গত শনিবারও একটি হাতির আক্রমণে ৫৪ বছর বয়সী একজন ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নাইরোবি থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত কেন্দ্রীয় নাইরি অঞ্চলে।