ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে মোহাম্মদ আলী ছিটু (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের ৪র্থ তলায় টয়লেট থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পরিবারের। এ ঘটনায় উপজেলা পরিষদ পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ, র্যাবসহ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
পুলিশ জানায়, আশপাশের ছোট বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা যায়, লাশের মাথায় ২টি ও পিঠে ৪টি আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবার জানায়, নিহত মোহাম্মদ আলী ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। সে বাড়ির পাশে একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন। প্রায় সময়ই ব্যক্তিগত ইজিবাইক নিয়ে কাজে বের হতেন তিনি। প্রতিদিনের মতো রোববার (২০ এপ্রিল) সকালে অটোরিকশা নিয়ে বের হলেও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও মোহাম্মদ আলী বাসায় না ফিরলে থানায় জিডি করতে যান নিহতের ছোট ভাই আব্দুল জব্বার। পথিমধ্যে তারা খবর পায়, অজ্ঞাত পরিচয় কারো মৃত্যু হয়েছে। আব্দুল জব্বার লাশটিকে শনাক্ত করেন যে, লাশটি তার ভাইয়ের।
নিহতের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম জানান, আমার ভাই একজন খেটে খাওয়া সাধারণ মানুষ। তাকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভবনের চারতলায় তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।