বিয়ের অনুষ্ঠানে গাড়ি রাখা নিয়ে শুরু হয়েছিল তর্কা-বিতর্ক। একসময় সেই তর্কা-বিতর্ক গড়ায় হাতাহাতিতে। এক পর্যায়ে বন্দুক উঁচিয়ে একে অন্যের দিকে তেড়ে যান আমন্ত্রিতেরা। আর এতেই মৃত্যু হলো দুই জনের।
পসচিমবঙ্গভিত্তিক আনন্দবাজার পত্রিকার মতে, রোববার (২০ এপ্রিল) রাতে বিহারের ভোজপুর জেলায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
সোমবার স্থানীয় পুলিশ জানিয়েছে, ভোজপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গাড়ি পার্কিং নিয়ে সংঘর্ষের সূত্রপাত। রাত সাড়ে ৯টা নাগাদ গড়হানি থানা এলাকার লাহারপা গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানের বাইরে গাড়ি রাখা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত তর্কবিতর্ক শুরু হয়। তখনই এক পক্ষ অন্য পক্ষের উপর গুলি চালায় বলে অভিযোগ।
পুলিশ আরও জানিয়েছে, প্রথমে দুই জন গুলিবিদ্ধ হন। তার মধ্যে এক জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে আনন্দবাজার জানায়, নিহতদের নাম লবকুশ এবং রাহুল। এছাড়া গুলিবিদ্ধ পাঁচ জন ভোজপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। কারা জড়িত ছিলেন, তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।