নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রিয়া সাহা নামে এক মহিলা বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে অভিযোগ করেছেন তা তিনি ব্যক্তি স্বার্থেই করেছেন। নিশ্চয়ই এর পিছনে তার বা কোন গোষ্ঠীর স্বার্থ আছে। এ ধরনের দু-একজন মানুষের অভিযোগ দিয়ে বাংলাদেশের মুল চেতনাকে কখনই ধ্বংস করা যাবে না।
শনিবার দুপুরে দিনাজপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন বাংলাদেশে এ ধরনের কোন পরিস্থিতি নেই। ইতোমধ্যেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ একটা মডেল। বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে বসবাসের শান্তিপূর্ণ আবাসভূমি পৃথিবীর কোথাও নেই।
তিনি বলেন, ইতোপূর্বেও বেগম খালেদা জিয়া আমেরিকা কংগ্রেসের কাছে বাংলাদেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন এবং এগুলো একটি দেশবিরোধী কর্মকাণ্ড। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় যে মুক্তিযুদ্ধ করেছিলো, জিয়া-এরশাদ-খালেদারা সেই চেতনা ধ্বংস করতে পারে নাই। এই ধরনের দু-একজন মানুষের অভিযোগ দিয়ে বাংলাদেশের মুল চেতনাকে কখনই ধ্বংস করা যাবে না।
প্রিয়া সাহার অভিযোগকে দেশ বিরোধী হিসেবে আখ্যায়িত করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এতে আমরা বিচলিত নই। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ