পাওনাদারদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ঈশ্বরদীতে সমবায় সমিতির মালিক নূরুল ইসলাম (৫০) আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ‘মুলাডুলি ঋণদান ও সঞ্চয় সমিতি’র অফিস কক্ষে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। ঈশ্বরদী থানা পুলিশ আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছে।
আত্মহননকারী নূরুল ইসলাম উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের সরকার পাড়া এলাকার হাসেম আলীর ছেলে।
মুলাডুলি বাজার এলাকার জনৈক মহিবুল ইসলাম বলেন, নূরুল ইসলাম মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পরিচালনা করতেন। সমিতির অনেক সদস্য তার কাছে সঞ্চয়ের টাকার জন্য চাপ দিচ্ছিল। জমি বিক্রি করে তিনি কিছু সদস্যকে টাকা পরিশোধ করলেও অনেকের সঞ্চয় পরিশোধ হয়নি।
বাজারের দোকানদার জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি অফিসে একজন লোক গিয়ে নূরুল ইসলামকে ডাকাডাকি করে। কিন্তু তার কোন সাড়া না পেয়ে জানালা খোলা দেখে উঁকি দেন। এসময় দেখেন ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে। পরে তিনি আশপাশের দোকানদারদের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পাবনায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।