খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা ।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা কুয়েটের চলমান আন্দোলনকে ‘ন্যায়সঙ্গত’ ও ‘সময়োপযোগী’ উল্লেখ করে বলেন, যেখানে শিক্ষার্থীদের কথা গুরুত্ব পাচ্ছে না, সেখানে ঐক্যই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি।
সমাবেশে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা বক্তব্য দেন। তারা বলেন, একজন উপাচার্যের দায়িত্ব হলো শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা। কিন্তু কুয়েটের পরিস্থিতি প্রমাণ করে, সেই দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা কুয়েটের শিক্ষার্থীদের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিকে সমর্থন করি। অনশনরত শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে থাকা সত্ত্বেও প্রশাসনের নীরবতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা কুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেন এবং সরকারের প্রতি অবিলম্বে সংকট সমাধানের আহ্বান জানান।
উল্লেখ্য ,গত ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার পর থেকেই উত্তপ্ত কুয়েট। ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবি দিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বর্তমানে তারা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে।