মুহসিন ইরম
মায়ের সূত্র
পাশের বাসার বিলকিস ভাবির ছেলে ভাত খায় এবং তার ছেলেও ভাত খায়। সুতরাং, পাশের বাসার বিলকিস ভাবির ছেলের মতো তার ছেলেকেও জিপিএ ফাইভ পেতে হবে।
প্রয়োগ
—বিলকিস ভাবির ছেলে ভাত খায়, তুইও ভাত খাস। তাইলে ওই পোলা জিপিএ ফাইভ পাইলে তোর পাইতে সমস্যা কী?
—পাশের বাসার ছেলেকে পরীক্ষার এক মাস আগে ওর মা একটা ডিএসএলআর কিনে দিছিল। তাইলে আমাকে কিনে দেওয়ায় সমস্যা কী?
পাশের বাসার ভাবির সূত্র
নিজের বাসার খবর রাখার জন্য অনেকেই আছে। তাই সবসময় পাশের বাসার খবর রাখতে হবে। ব্যর্থতার খবর চেপে গিয়ে সফলতাগুলো ফলাও করে বলে ভাবির মনে ঈর্ষা জাগাতে হবে।
প্রয়োগ
—বুঝলেন ভাবি, আমার ছেলেটা তো এবার এসএসসিতেও ‘এ’ প্লাস পাইছে। দাম বেশি বলে আজকে মিষ্টি আনতে পারি নাই। শুনলাম আপনার ছেলে নাকি আবারও ফেল করছে?
—তাহলে তো এটা খুবই সুখের খবর। তা আপনার স্বামী নাকি গত পরশু দুর্নীতি করতে যেয়ে হাতেনাতে ধরা খাইছে। এটা নিয়ে কিছু বলুন।
বন্ধুর সূত্র
বন্ধুর কাছে টাকা ধার চাওয়ার কোনো রাইট টাইম নেই। যখনই টাকা ধার চাওয়া হবে তার একটু আগেই বন্ধু টাকা খরচ করে ফেলবে।
প্রয়োগ
—ইস রে! তোর টাকা লাগব আধঘণ্টা আগে জানাইতি। একটু আগে আমি অযথাই রেস্টুরেন্টে খেয়ে ৫০০ টাকা বিল বানিয়ে এলাম। এখন হাত একেবারে খালি।
—আধ ঘণ্টা আগে জানাইলে বলতি রেস্টুরেন্টে যাওয়ার জন্য বাইকে তেল উঠাইছি, আরেকটু আগে কেন জানালাম না। তোরে চেনা আছে।
বিক্রেতার সূত্র
দোকানদারকে সকল ক্রেতাকেই বলতে হবে অন্যদের ফিক্সড প্রাইজের পর ছাড় দেওয়া হয় না। তার কোনো এক আত্মীয়ের চেহারার সঙ্গে হুবহু মিল থাকায় এই ক্রেতাকেই কেবল বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
প্রয়োগ
—ঈমানে কইলাম ভাইজান, আমার পাড়াতো ভাইয়ের শ্বশুরের বন্ধুর চেহারার সাথে আপনার চেহারার হুবহু মিল। শুধুমাত্র আপনার জন্য যা দাম আসে এর ওপর ৫ শতাংশ ছাড় দিয়া দিলাম।
—আধ ঘণ্টা আগে আমার ছোট মামা আসার পরও এই একই কথা বলেছিলেন। অথচ, উনার চেহারার সাথে আমার চেহারার কোনো মিল নাই, তাহলে আপনার আত্মীয়ের চেহারার সাথে আমাদের দুজনের চেহারারই মিল হয় কিভাবে?