১২ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল

গাজা থেকে বৃহস্পতিবার ২ নারীসহ ১২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আনাদুলু এজেন্সি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দীদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) গাড়িতে করে কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের দিকে চিকিৎসা সেবার জন্য নিয়ে যাওয়া হয়।​

প্রিজনার্স মিডিয়া অফিস মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে, তবে বন্দীদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।​

আনাদুলু জানিয়েছে, ইসরায়েলি কারাগারে ৯ হাজার ৫ শতেরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছে। বন্দীদের অনেকেই নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার কারণে মৃত্যুবরণ করেছেন।​

জানুয়ারিতে স্থগিত হওয়া যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিকে ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ ১৮ মার্চ পুনরায় শুরু হয় এবং তখন থেকে প্রায় ২ হাজার মানুষ নিহত এবং ৫ হাজার ২ শতেরও বেশি আহত হয়েছে।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।​

গাজায় তার যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে।