বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা অবলম্বনে নির্মিতচাঁদপুরে কৃষি কথার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ব্যতিক্রমী অনুষ্ঠানে উদ্বোধক, প্রধান ও বিশেষ অতিথিরা সবাই ছিলেন স্থানীয় কৃষক। এতে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান।
কৃষি সংস্কারের বাস্তব চিত্র তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করা হয়। এ নাটকের মাধ্যমে কৃষি এবং কৃষকদের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ করা এবং দেশের কৃষিকে বিশ্ব বাজারে প্রতিযোগিতার মধ্যে কিভাবে আনা যায় নাটিকাতে তাও ফুটে উঠে। স্থানীয় কৃষক ও দেশের নাট্যঙ্গণের উল্লেখযোগ্য শিল্পীরা এ নাটকের অভিনয়ে অংশগ্রহণ করেন।
সন্ধ্যার আগমুহূর্তে চমৎকার পরিবেশে এ নাটিকাটি উপভোগ করেন সাচার এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, প্রবাসে থাকার কারণে দেশে দীর্ঘদিন আসতে পারি নাই। ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর যখন আমি দেশে আসলাম, তখনই দেখতে পেলাম তারেক জিয়ার রাষ্ট্র সংস্কারে ৩১ দফা। তারমধ্যে ছিলো ২৭ তম দফায় কৃষি সংস্কার।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিলো কৃষক হওয়ার। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কৃষক হতে পারিনি। তবে ইচ্ছা আছে আমার দেশের কৃষকদের নিয়ে কিছু একটা করার। তারই অংশ হিসেবে আজকে আমার ছোট্ট একটি আয়োজন।
নিউজ ২৪ এর হেড অব ডিজিটাল রাজিব খান ও উপস্থাপিকা শাহরিন জাবিনের যৌথ সঞ্চালনায় কৃষকদের বিভিন্ন প্রশ্ন ও সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন।